প্রকাশিত:
২৬ জুন ২০২৬, ০৫:৩৯
সাফল্যের কোনো নির্দিষ্ট শর্টকাট নেই। মেধা, একাগ্রতা আর সাহস থাকলে যেকোনো বাধাই জয় করা সম্ভব। এমনই এক অনুপ্রেরণাদায়ী গল্প তৈরি করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বর্তমান সিনিয়র ডিএমডি এবং সংগঠন প্রধান মো. সাইফুল ইসলাম। চলুন, উনার নিজের মুখেই শোনা যাক সেই সফলতার পেছনের গল্প।
শুরুর দিনগুলো এবং একটি সুযোগের খোঁজ
"সময়টা ছিল ২০০৮ সাল। হিসাববিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি মাত্র ছয় মাস। তখন আমি দুটি টিউশনি করতাম, যেখান থেকে মাসে মাত্র ২৫০০ টাকা পেতাম। হঠাৎ একদিন কলেজ লাইফের এক বড় ভাইয়ের সাথে দেখা। তিনি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ভাইকে বললাম আমার জন্য একটা চাকরি খুব দরকার। ভাই বললেন, 'যোগাযোগ রেখো, আমাদের কোম্পানিতে হিসাবরক্ষক দরকার হলে তোমাকে জানাব।'
ছয় মাস পেরিয়ে গেল, আমি অনার্স ২য় বর্ষে পা দিলাম। একদিন সকালে ওই ভাইয়ের সাথে আবার দেখা। কথার ফাঁকে ভাই বললেন, 'তুমি তো আর যোগাযোগ করলে না! আমাদের অফিসে একজন ক্যাশিয়ার দরকার ছিল, অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তবে তুমি একটা কাজ করতে পারো, মার্কেটিংয়ের কাজ শুরু করো।'
আমি অবাক হয়ে বললাম, 'আমার তো কোনো অভিজ্ঞতাই নেই!' ভাই সাহস দিয়ে বললেন, 'শিখে নিলে সব পারবা। কালকে অফিসে আসো।'"
সেই ৭৪০ টাকা এবং ক্যারিয়ারের নতুন মোড়
"পরদিন অফিসে যাই এবং একজন মার্কেটিং অফিসারের সাথে পরিচিত হই। তার কথা শুনে মনে সাহস পেলাম, কাজ করার আগ্রহ তৈরি হলো। চাকরিতে যোগদান করতে কী কী লাগবে, তিনি সব বুঝিয়ে দিলেন।
বাসায় এসে আব্বা ও মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। আব্বা পুরোপুরি সম্মতি না দিলেও, মা সবসময়ই চাইতেন আমি যেন কিছু একটা করি। আব্বা সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তখন মুদি ব্যবসা করতেন।
দুদিন পরে সব কাগজপত্র গুছিয়ে যাওয়ার সময় লাইসেন্স ও সার্টিফিকেট ফি বাবদ ৭৪০ টাকা প্রয়োজন হলো। আব্বার দোকানে চাইতে গেলাম। কিন্তু সকালবেলা মাত্র দোকান খোলায় ক্যাশে পর্যাপ্ত টাকা ছিল না। তখন পাশের দোকানের এক আঙ্কেলের কাছ থেকে ৭৪০ টাকা হাওলাত (ধার) করে অফিসে যাই।
২০০৯ সালের ২৮ নভেম্বর ইউনিট ম্যানেজার হিসেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ যোগদান করি।"
আজকের অবস্থান ও সাফল্যের চূড়ায়
"জীবন বীমায় ক্যারিয়ার গড়ার পাশাপাশি আমি হিসাববিজ্ঞানে এমবিএস সম্পন্ন করেছি। সেই হাওলাত (ধার) করা ৭৪০ টাকা আর শূন্য অভিজ্ঞতা নিয়ে শুরু করা আমি, আজ প্রায় ১২০০ কর্মী ও কর্মকর্তা নিয়ে কাজ করছি। বিগত ১৩ বছর যাবত আমি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-তে কর্মরত আছি এবং বর্তমানে সিনিয়র ডিএমডি ও সংগঠন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি।"
এমএসএস
মন্তব্য করুন: