প্রকাশিত:
২২ মে ২০২৬, ০২:৪৮
দেশের বীমা শিল্পে আন্তর্জাতিক মানের ডিগ্রিধারী একচ্যুয়ারির সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রফেশনাল একচ্যুয়ারির বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন ফি প্রদানের জন্য দরখাস্ত আহবান করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 'একচ্যুয়ারিয়াল সাইন্স স্কলারশিপ তহবিল' এর অর্থায়নে এই সুযোগ দেয়া হচ্ছে ।
আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা আগামী ১৫ জুন (সোমবার) বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন ।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
যুক্তরাজ্যের ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিজ (আইএফওএ-ইউকে), যুক্তরাষ্ট্রের সোসাইটি অব একচ্যুয়ারিজ (এসওএ-ইউএসএ) বা অন্য কোনো দেশের সমমানের প্রতিষ্ঠানে নিবন্ধিত হয়ে যারা বিষয়ভিত্তিক প্রফেশনাল পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারবেন।
একজন শিক্ষার্থী ১টি বিষয়ে পরীক্ষার জন্য ৫ বছর পর্যন্ত এই তহবিলের আওতায় সর্বোচ্চ ২ বার সুযোগ পাবেন। দ্বিতীয়বারেও পাস না করলে ৩য় বার নিজ খরচে পরীক্ষা দিতে হবে। তবে ৩য় বারে পাস করলে সেই পরীক্ষার ফি পরবর্তীতে তহবিল থেকে রিইমবার্স বা পুন:ভরণ করা হবে। কোনো অবস্থাতেই একই বিষয়ের জন্য ৪র্থ বার ফি দেওয়া হবে না।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারি-বেসরকারি বীমা কোম্পানিতে (লাইফ/নন-লাইফ) কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । তবে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম কপি জমা দেয়া যাবে ।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (www.fid.gov.bd) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (www.idra.org.bd)-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনের সাথে যা যা সংযুক্ত করতে হবে:
সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি। জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সত্যায়িত কপি। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি। সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান (আইএফওএ-ইউকে/ এসওএ-ইউএসএ) থেকে মডিউলভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণক ও ব্যয় সংক্রান্ত ইনভয়েসের কপি। চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতিপত্র। প্রার্থীকে চেনে এমন ২ জন বিশিষ্ট ব্যক্তির (শিক্ষক/গবেষক/চাকরিজীবী) তথ্য।
আবেদন পাঠানোর ঠিকানা:
প্রয়োজনীয় সকল সার্টিফিকেট ও কাগজপত্রের সত্যায়িত কপিসহ মোট ৪ সেট আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি: যুগ্মসচিব (বীমা অধিশাখা) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানায় পৌঁছাতে হবে।
এমএসএস
মন্তব্য করুন: