প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ১৫:১৩
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। একইসঙ্গে কর্তৃপক্ষের বর্তমান সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) থেকে জারিকৃত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মো. ফজলুল হককে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। সংস্থাটির নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আইডিআরএ'র তৎকালীন চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
এমএসএস
মন্তব্য করুন: