প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৬, ০২:২১
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি একই দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। ২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার হিসাববিদদের সর্বোচ্চ সম্মাননা ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড’ এবং জাতীয় পর্যায়ের ‘২৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে।
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ উভয় পুরস্কারই তৃতীয়বারের মতো অর্জনের গৌরব অর্জন করল।
গত ২৮ নভেম্বর ঢাকায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট সুশাসন এবং আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশসহ বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
রাজধানীর হোটেল র্যাডিসনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ।
একই দিন ঢাকায় আয়োজিত অপর এক অনুষ্ঠানে সাফার নেতৃবৃন্দ ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ’র হাতে সাফা অ্যাওয়ার্ড তুলে দেন। এ অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির এফসিএসহ সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাফা দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত দেশগুলোর পেশাদার হিসাববিদদের ইনস্টিটিউটগুলোর কেন্দ্রীয় সংগঠন এবং আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। প্রতিবছর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ মান অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এ দুটি সংস্থা পুরস্কৃত করে থাকে।
এর আগে ২০২২ ও ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্যও সাফা ও আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করেছিল ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের প্রতিবেদনের স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটির উভয় পুরস্কার অর্জনের সংখ্যা তিনে উন্নীত হলো।
তৃতীয়বারের মতো জাতীয় ও দক্ষিণ এশীয় পর্যায়ের এই জোড়া স্বীকৃতি পাওয়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
এমএসএস