প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
দেশের বীমা খাতের নতুন সম্ভাবনা দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স সম্পর্কে অর্ধশত সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১’ এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) যৌথ উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএ'র পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুমন আহসানুল ইসলাম এবং দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর মনির হোসেন। প্রবন্ধে বিশ্বব্যাংকের সহযোগিতায় যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর আওতায় চলমান প্যারামেট্রিক ইন্স্যুরেন্সের পাইলট প্রকল্প এবং এর কার্যকারিতা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নতুন ও সময়োপযোগী একটি বিষয় সম্পর্কে জানার জন্য আইআরএফ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএস