প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৯
বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি)'র উদ্যোগে নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের পেশাজীবীদের জন্য আয়োজিত দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত “Financial Accounts, Statements & Regulatory Compliance” শীর্ষক এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পেশাজীবীরা অনলাইনে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হামিদ, এফসিএ। বীমা ও করপোরেট খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই প্রশিক্ষক তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও বাস্তব কর্মক্ষেত্রের উদাহরণের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়গুলো অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
কর্মসূচিতে আর্থিক হিসাবের ধারণা ও পরিধি, অ্যাকাউন্টিং পলিসি ও প্রক্রিয়া, অবচয় হিসাবরক্ষণ, ব্যাংক সমন্বয় বিবরণী, সাধারণ বীমা হিসাবরক্ষণ কৌশল, আর্থিক বিবরণী প্রস্তুত ও উপস্থাপন, সাধারণ বীমা কোম্পানির বার্ষিক প্রতিবেদন এবং সংবিধিবদ্ধ নিরীক্ষাসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে ব্যবহারিক উদাহরণ, অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসার আর্থিক হিসাবরক্ষণ ও নিয়ন্ত্রক পরিপালন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সময়োপযোগী ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক এ আয়োজনের জন্য বিআইপিডি’র প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বিআইপিডি’র মহাপরিচালক কাজী মো. মোরতূজা আলী, এসিআইআই জানান, বীমা ও আর্থিক খাতের পেশাজীবীদের দক্ষতা, জ্ঞান ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে বিআইপিডি নিয়মিতভাবে মানসম্মত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে আসছে। ভবিষ্যতেও শিল্পখাতের চাহিদা অনুযায়ী এ ধরনের কার্যকর প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএস