প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৬, ২২:৩৩
বীমা কোম্পানিগুলোতে দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগের বাধ্যবাধকতা নিয়ে নীতিগত ভিন্নমত দেখা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এবং মালিকদের সংগঠন বিআইএ’র মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন যেকোনো মূল্যে অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগের কঠোর বার্তা দিলে, বাস্তবতার নিরিখে এর আপত্তি তুলে পাল্টা প্রশ্ন রাখেন বিআইএ প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমে
আইডিআরএ চেয়ারম্যানের কঠোর অবস্থান:
বৈঠকে বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের উদ্দেশে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন বলেন, বীমা খাতের সুশাসন এবং পলিসিহোল্ডারদের হাজার হাজার কোটি টাকার তহবিল সুরক্ষায় যোগ্য ও অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগের কোনো বিকল্প নেই। শীর্ষস্থানীয় কোম্পানি এবং বাকিদের মধ্যে মূল পার্থক্য কেবল দক্ষ সিএফও পদের কারণেই তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।
সংস্কার প্রস্তাবে কোম্পানিগুলোর অনীহা বা ‘পুশব্যাক’ করার প্রবণতার সমালোচনা করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, মানুষ হাজার হাজার কোটি টাকা হ্যান্ডেল করছে, অথচ সিএফও’র পেছনে বিনিয়োগ করতে চায় না। ছোট কোম্পানিগুলোর এই টাকা বাঁচানোর মানসিকতা আসলে ‘পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ’ বা তুচ্ছ বিষয়ে কিপটেমি করে বড় ক্ষতি ডেকে আনার শামিল। অন্যান্য খাতের বিনিয়োগ কমিয়ে হলেও অবিলম্বে সিএফও নিয়োগে বিনিয়োগ করলে রাতারাতি দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে কর্মরত অনেক সিএফও’র পেশাগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাদিয়া নিভীন জানান, নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে অনেকেই ‘মূলধন’ এবং ‘বিনিয়োগ’-এর মতো মৌলিক ধারণার পার্থক্যও গুলিয়ে ফেলেন। প্রয়োজনে ভবিষ্যতে শতভাগ বাংলায় আলোচনা ও পরিভাষা বুঝিয়ে দেওয়ার কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার বা ‘রেগুলেটরি ক্যাপচার’-এর কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। কেউ রেগুলেটরকে ‘বুলডোজ’ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোম্পানিগুলোকে অবশ্যই অ্যাক্রেডিটেড ফিন্যান্সিয়াল প্রফেশনাল দিয়ে সিএফও পদ পূরণ করতে হবে।
বিআইএ প্রেসিডেন্টের পাল্টা প্রশ্ন ও আপত্তি:
আইডিআরএ চেয়ারম্যানের এমন কঠোর অবস্থানের জবাবে গোলটেবিল বৈঠকে ভিন্নমত তুলে ধরেন বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। তিনি প্রশ্ন রাখেন, ডিসেম্বরের পর সিএফও নিয়োগ বাধ্যতামূলক করলে দেশের ৮২টি বীমা কোম্পানি একসঙ্গে কোথায় ৮২ জন এফসিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাবে?
তিনি বলেন, সুশাসনের কথা বলে হুট করে এফসিএ নিয়োগের কথা বলা হচ্ছে। অথচ যারা এতদিন ব্যালেন্স শিট তৈরি বা স্বাক্ষর করেছেন, তারা কি তবে ভুল বা অশিক্ষিত ছিলেন? ব্যালেন্স শিট তো নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই অনুমোদিত হয়ে আসে, তাহলে সুশাসনের অভাব কোথায় ছিল?
বড় ডিগ্রি বা এফসিএ সনদ থাকলেই অনেকে বীমা খাতের জটিলতা ও বাস্তব চিত্র বোঝেন না উল্লেখ করে বিআইএ প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিন ধরে যারা খাতটি পরিচালনা করছেন, তাদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞানকে এক লহমায় বাতিল করা ঠিক নয়। যথাযথ সময়সীমা না দিয়ে হুট করে কোনো কড়া সিদ্ধান্ত চাপিয়ে দিলে কোম্পানিগুলো সংকটে পড়বে। খাতটিকে টিকিয়ে রাখতে হলে উদ্যোক্তা ও স্টেকহোল্ডারদের আস্থায় নিয়ে এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
এমএসএস