প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৬, ১৫:২০
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখার উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃতি সন্তান সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে ব্যাংক খাতের বিভিন্ন নীতি নির্ধারণে কাজ করেছেন এবং দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুখপাত্র হিসেবে গণমাধ্যমের কাছে ব্যাংকিং খাতের তথ্য তুলে ধরেছেন।
দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি অবসরে যান এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। সর্বশেষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ৩ বছর মেয়াদে সদস্য (প্রশাসন) পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করল সরকার।
এমএসএস