insurancejobsbd@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

সিইও নিয়োগে নতুন নিয়ম করছে আইডিআরএ


প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬, ১৫:৫০

দেশের বীমা খাতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে নতুন নিয়ম করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে কোনো বীমা কোম্পানিতে সিইও পদ শূন্য হওয়ার ৬ মাসের মধ্যে নতুন সিইও নিয়োগ দিতে ব্যর্থ হলে, কর্তৃপক্ষের তৈরি করা ‘সিইও পুল’ থেকেই বাধ্য হয়ে সিইও নিয়োগ দিতে হবে।

গত সোমবার (১০ আগস্ট) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৬ মাস সময়ের মধ্যে কোম্পানিগুলো নিয়মিত সিইও নিয়োগে ব্যর্থ হলে আইডিআরএ যোগ্যতার ভিত্তিতে একটি ‘সিইও পুল’ তৈরি করবে। এরপর ওই পুল থেকে কর্তৃপক্ষের নির্বাচিত দুইজনের জীবনবৃত্তান্ত ও তথ্য সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। কোম্পানির পরিচালনা পর্ষদকে এই দুইজনের মধ্য থেকেই যেকোনো একজনকে নিয়োগের চূড়ান্ত প্রস্তাব আইডিআরএ'তে পাঠাতে হবে।

মূলত বীমা কোম্পানিগুলোতে দীর্ঘদিন ধরে শীর্ষ পদ শূন্য রাখার প্রবণতা রোধ করতে এবং যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘বীমা খাতের বিদ্যমান সমস্যা ও সমাধান’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। এতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীসহ উভয় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বীমা খাতের সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিতে সিইও নিয়োগের নিয়মের পাশাপাশি সভায় আরও ৩টি বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে:

তথ্যের সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে দেশের সকল বীমা কোম্পানিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে ডুপ্লিকেট সার্ভার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে একটিমাত্র সার্ভার ব্যবহার নিশ্চিত করতে হবে। সময়সীমা পার হওয়ার পর ডুপ্লিকেট সার্ভার পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আইডিআরএ। কর্তৃপক্ষের কোনো কর্মচারী বীমা কোম্পানির কাছে সুযোগ-সুবিধা দাবি করলে বা বীমা কোম্পানি সুবিধা দেওয়ার প্রস্তাব দিলে—উভয় ক্ষেত্রেই তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে চেক স্বাক্ষর ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি চালু করা হবে। এ লক্ষ্যে বিআইএ এবং বিআইএফ-এর সমন্বয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ সপ্তাহের মধ্যে সর্বসম্মত পদ্ধতির সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এমএসএস

সম্পর্কিত খবর